জাতীয় সংসদ সচিবালয়ে ২৮টি পদে মোট ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে আবেদন শুরু হবে। আবেদন জমা দেওয়া যাবে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

গাইড পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। বেতন ১১তম গ্রেডে ২৫ হাজার টাকা।

ক্যাটালগার পদে তিনজন নিয়োগ পাবেন। এ জন্য স্নাতক ডিগ্রির পাশাপাশি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। এ পদেও মূল বেতন ২৫ হাজার টাকা।

লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এ পদে আবেদন করতে পারবেন। মূল বেতন ২৪ হাজার টাকা।

ফটোগ্রাফার (স্টিল) পদে একজন নিয়োগ পাবেন। এ জন্য স্নাতক ডিগ্রিসহ ফটোগ্রাফির সনদ অথবা এইচএসসি পাসের পাশাপাশি ফটোগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে। মূল বেতন ২৪ হাজার টাকা।

টেকনিশিয়ান (নেটওয়ার্ক) পদে একজন এবং টেকনিশিয়ান (হার্ডওয়্যার) পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। উভয় পদের মূল বেতন ২৪ হাজার টাকা।

ডাটা টেকনিশিয়ান পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য এইচএসসি পাসের পাশাপাশি দুই বছরের ট্রেড সার্টিফিকেট ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মূল বেতন ২৪ হাজার টাকা।

সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২৩ জন নিয়োগ পাবেন। এ পদে আবেদন করতে স্নাতক ডিগ্রি, বাংলা ও ইংরেজি সাঁটলিপি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, ডেটাবেজ ও প্রেজেন্টেশন তৈরির কাজেও দক্ষ হতে হবে। মূল বেতন ২৪ হাজার টাকা।

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে পাঁচজন নিয়োগ দেওয়া হবে। এ জন্য স্নাতক ডিগ্রি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অপারেটর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। টাইপিংয়ের গতি বাংলায় প্রতি মিনিটে ২০ এবং ইংরেজিতে ২৫ শব্দ হতে হবে। মূল বেতন ২৩ হাজার টাকা।

গ্রন্থাগার সহকারী পদে দুজন এবং সহকারী সিকিউরিটি ইনস্পেক্টর পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে। গ্রন্থাগার সহকারী পদে স্নাতক ডিগ্রির পাশাপাশি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সহকারী সিকিউরিটি ইনস্পেক্টর পদে স্নাতক ডিগ্রির পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখিত শারীরিক যোগ্যতা, উচ্চতা ও ওজনের শর্ত পূরণ করতে হবে। উভয় পদের মূল বেতন ১৪তম গ্রেডে ২৩ হাজার টাকা।

অ্যাম্বুলেন্স ড্রাইভার পদে দুজন এবং ড্রাইভার পদে ছয়জন নিয়োগ দেওয়া হবে। এ জন্য অষ্টম শ্রেণি পাসের পাশাপাশি ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। মূল বেতন ১৫তম গ্রেডে ২২ হাজার ৮০০ টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২২ জন নিয়োগ পাবেন। এ পদে এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনা ও বাংলা-ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। মূল বেতন ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ টাকা।

আইন সহকারী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য এইচএসসি পাসের পাশাপাশি কোনো আইনজীবীর সহকারী হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফসেট প্রিন্টিং টেকনিশিয়ান পদে একজন নিয়োগ পাবেন। এ ক্ষেত্রে এইচএসসি পাস এবং অফসেট প্রিন্টিংয়ের কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রটোকল অ্যাসিস্ট্যান্ট পদে ছয়জন এবং লাইনম্যান পদে ছয়জন নিয়োগ দেওয়া হবে। প্রটোকল অ্যাসিস্ট্যান্ট পদে এইচএসসি পাসের পাশাপাশি কম্পিউটার পরিচালনা ও ই-মেইল ব্যবহারে দক্ষতা থাকতে হবে। লাইনম্যান পদে কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি পাস করতে হবে। এ ছাড়া নির্ধারিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ক্যামেরাম্যান সহকারী পদে একজন নিয়োগ পাবেন। এ জন্য এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মূল বেতন ১৭তম গ্রেডে ২১ হাজার ৮০০ টাকা।

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে ২৪ জন নিয়োগ দেওয়া হবে। এ জন্য এইচএসসি পাস, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত শারীরিক যোগ্যতা থাকতে হবে। মূল বেতন ১৮তম গ্রেডে ২১ হাজার টাকা।

মোয়াজ্জিন পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ জন্য আলিম ও কারিয়ানা পাসের পাশাপাশি সুকণ্ঠের অধিকারী হতে হবে। মূল বেতন ১৯তম গ্রেডে ২০ হাজার টাকা।

মেকানিক (গ্রেড-সি) পদে একজন নিয়োগ পাবেন। এ জন্য এসএসসি (ভোকেশনাল) পাস অথবা সরকার অনুমোদিত টেকনিক্যাল স্কুল থেকে অটোমোবাইল বিষয়ে প্রশিক্ষণসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মূল বেতন ২০ হাজার ৫০০ টাকা।

অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী পদে তিনজন, সহকারী ডেসপাচ রাইডার পদে তিনজন, কামরা পরিচারক/পরিচারিকা পদে ১৪ জন, নিরাপত্তা প্রহরী পদে ১০ জন, পরিচ্ছন্নতাকর্মী পদে চারজন এবং ক্লিনার/হেলপার পদে দুজন নিয়োগ দেওয়া হবে।

এসব পদের মধ্যে অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী, সহকারী ডেসপাচ রাইডার ও কামরা পরিচারক/পরিচারিকা পদে সাধারণ প্রার্থীদের এসএসসি পাস হতে হবে। তবে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক বা সাময়িক কর্মচারীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। সহকারী ডেসপাচ রাইডার পদে মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

নিরাপত্তা প্রহরী ও ক্লিনার/হেলপার পদে অষ্টম শ্রেণি পাস হতে হবে। নিরাপত্তা প্রহরী পদে শারীরিকভাবে উপযুক্ত হতে হবে। পরিচ্ছন্নতাকর্মী পদে পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এসব পদের মূল বেতন ২০তম গ্রেডে ২০ হাজার টাকা।

বয়সসীমা ও আবেদনের নিয়ম

আবেদনকারীদের বয়স নির্ধারিত তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আগ্রহী প্রার্থীদের সংসদ সচিবালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১২ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদন ফি জমা দিতে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নির্ধারিত পদ্ধতিতে এসএমএস পাঠাতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনপদ্ধতি ও শর্তাবলি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ওয়েবসাইটে এবং টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।