সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের প্রকাশ করা পোস্ট, ভিডিও ও মন্তব্যের আইনি দায় থেকে প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেয় ‘সেফ হারবার’ নীতি। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্সের মতো প্ল্যাটফর্মগুলোর এই আইনি সুবিধা বহাল রাখা হবে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সরকারের এই আলোচনা ভারতে ইন্টারনেট পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ আইনি বিধান পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম নির্ধারণ করে কোন পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছাবে, কোনটি কম দৃশ্যমান হবে এবং কী ধরনের কনটেন্ট ব্যবহারকারীরা দেখতে পাবেন। একই সঙ্গে এসব প্ল্যাটফর্ম নিজস্ব নীতিমালার মাধ্যমে কনটেন্ট নিয়ন্ত্রণ করে।
এ অবস্থায় সরকারের একাংশের প্রশ্ন, যেসব প্রতিষ্ঠান অ্যালগরিদম ব্যবহার করে কনটেন্টের প্রচার ও দৃশ্যমানতা নিয়ন্ত্রণ করে, তাদের কি কেবল তথ্য আদান-প্রদানের মাধ্যম হিসেবে বিবেচনা করে আইনি দায়মুক্তি দেওয়া উচিত?
ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সামাজিক যোগাযোগমাধ্যমের সেফ হারবার সুবিধা প্রত্যাহারের বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি। তবে অনলাইনে ক্ষতিকর কর্মকাণ্ড প্রতিরোধে এসব প্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণা প্রতিরোধ এবং নাগরিকদের জন্য ক্ষতিকর অনলাইন কর্মকাণ্ড বন্ধে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে দায়িত্ব নিতে হবে। শুধু প্রচলিত নিয়ম মেনে চলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজকে নিরাপদ রাখতে প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন।
সেফ হারবার নীতি কী এবং কেন গুরুত্বপূর্ণ?
ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৭৯ নম্বর ধারায় ইন্টারনেটভিত্তিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোকে শর্তসাপেক্ষে আইনি দায়মুক্তি দেওয়া হয়েছে। এই বিধানের আওতায় ব্যবহারকারীদের প্রকাশ করা বা পাঠানো তথ্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সাধারণত সরাসরি দায়ী করা হয় না।
তবে এই সুবিধা পেতে প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কিছু শর্ত মানতে হয়। কোনো প্রতিষ্ঠান নিজে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া শুরু করতে পারবে না, তথ্যের প্রাপক নির্ধারণ করতে পারবে না কিংবা আদান-প্রদান করা তথ্য নির্বাচন বা পরিবর্তন করতে পারবে না। পাশাপাশি সরকার নির্ধারিত সতর্কতামূলক বিধিও অনুসরণ করতে হবে।
এই দায়মুক্তি অবশ্য নিরঙ্কুশ নয়। কোনো প্রতিষ্ঠান বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে কিংবা বেআইনি কনটেন্ট সরানোর বিষয়ে আইনসম্মত নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তারা এই সুরক্ষা হারাতে পারে।
এ বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টের ২০১৫ সালের একটি গুরুত্বপূর্ণ রায় রয়েছে। শ্রেয়া সিংহল বনাম ভারত সরকার মামলায় আদালত স্পষ্ট করেন, বেআইনি কনটেন্ট সরানোর বাধ্যবাধকতা অবশ্যই আদালতের আদেশ অথবা যথাযথ সরকারি নির্দেশনার ভিত্তিতে হতে হবে। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতার সাংবিধানিক সুরক্ষাও বিবেচনায় রাখতে হবে।
সুবিধা বাতিল হলে কী প্রভাব পড়তে পারে?
সেফ হারবার সুবিধা না থাকলে ব্যবহারকারীদের প্রকাশ করা বিপুলসংখ্যক পোস্ট, ভিডিও ও মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। এমনকি কোনো কনটেন্ট প্রতিষ্ঠানগুলো নিজেরা তৈরি না করলেও সেগুলোর দায় তাদের ওপর বর্তানোর আশঙ্কা তৈরি হবে।
মেটা ও গুগলের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কাঠামো গড়ে ওঠার ক্ষেত্রেও এই আইনি সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের তৈরি বিপুল পরিমাণ কনটেন্টের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে পারছে, অথচ প্রচলিত প্রকাশনা প্রতিষ্ঠানের মতো প্রতিটি কনটেন্টের সম্পাদকীয় দায় নিতে হচ্ছে না।
ভারত সরকারের এই আলোচনা তাই শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের আইনি দায়বদ্ধতার বিষয় নয়। এর সঙ্গে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা, ব্যবহারকারীদের নিরাপত্তা এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বের সীমা জড়িত। শেষ পর্যন্ত সরকার কী সিদ্ধান্ত নেয়, তার ওপর দেশটির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ভবিষ্যৎ পরিচালনব্যবস্থা অনেকটাই নির্ভর করতে পারে।








