কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যে বিশাল ডাটা সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে গুগল। এ প্রকল্পে প্রায় ১৭ বিলিয়ন ডলার বা ১ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। ওয়াইওমিংয়ে এটিই গুগলের প্রথম ডাটা সেন্টার প্রকল্প।
তবে যুক্তরাষ্ট্রে ডাটা সেন্টার সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক ও সামাজিক বিরোধিতা ক্রমেই বাড়ছে। সম্প্রতি দেশটির বিভিন্ন স্থানীয় নির্বাচনে অনুষ্ঠিত ৪১টি ভোটাভুটির মধ্যে ৪০টিতেই ডাটা সেন্টার সম্প্রসারণের বিপক্ষে অবস্থান নিয়েছেন ভোটাররা। এমন পরিস্থিতির মধ্যেই রিপাবলিকান অধ্যুষিত ওয়াইওমিংয়ে বড় অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে গুগল।
প্রকল্পটি বাস্তবায়নে রিলেটেড ডিজিটাল, আমেরিকান ইলেকট্রিক পাওয়ার এবং ব্ল্যাক হিলস এনার্জির সঙ্গে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠানটি। ডাটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা পূরণে ব্লুম এনার্জি ৭০২ মেগাওয়াট ক্ষমতার ফুয়েল সেল প্রযুক্তি সরবরাহ করবে।
এদিকে যুক্তরাষ্ট্রে ডাটা সেন্টার নির্মাণ ও এআই অবকাঠামো সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে। সম্ভাব্য স্থানীয় বিধিনিষেধের আশঙ্কায় সম্প্রতি টেক্সাসে এআই ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এনস্কেলের সঙ্গে চুক্তি সম্প্রসারণে সম্মতি দেয়নি মাইক্রোসফট।
এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ভবিষ্যতে ডাটা সেন্টার নির্মাণ ও পরিচালনায় স্থানীয় পর্যায়ে কঠোর বিধিনিষেধ আরোপের আশঙ্কায় শেয়ারবাজারে ব্লুম এনার্জির শেয়ারের দাম ১৪ শতাংশের বেশি কমেছে।
বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির বিকাশে ডাটা সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। তবে এসব স্থাপনায় বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। পাশাপাশি পরিবেশগত প্রভাব ও স্থানীয় জনগণের উদ্বেগের কারণে প্রকল্প বাস্তবায়নে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।








