গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত তিনজন একই পরিবারের সদস্য—স্বামী, স্ত্রী ও সন্তান।
বেলা আড়াইটার দিকে সফিপুর ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে থাকা তিনজনের মরদেহ দেখতে পায়। তাদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
প্রাথমিক তদন্তে মোটরসাইকেলটির সঙ্গে কী ধরনের যানবাহনের সংঘর্ষ হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। এ ছাড়া ফ্লাইওভারে সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্ঘটনার প্রকৃত কারণ শনাক্তে জটিলতা তৈরি হয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং নিহতদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।









