বড় ছেলে মোহাম্মদ নূর মোহাম্মদ আরাফাতের বয়স মাত্র ৯ বছর। ছোট ছেলে মোহাম্মদ আবু বক্করের বয়স ১০ মাস। দুই সন্তানকে ঘিরেই ছিল বাবা-মায়ের স্বপ্ন। কিন্তু অসুস্থতার কাছে হার মেনে দুই দিনের ব্যবধানে মারা গেছে দুই ভাই। এখন চট্টগ্রাম নগরের মোমেনবাগ কবরস্থানে পাশাপাশি কবরে শুয়ে আছে তারা। সন্তানদের শেষ বিদায় জানিয়ে শূন্য ঘরে ফিরতে হয়েছে বাবা-মাকে।
শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বড় ছেলে আরাফাত। পরে তাকে মোমেনবাগ কবরস্থানে দাফন করা হয়। দুই দিনের ব্যবধানে রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে মারা যায় ছোট ছেলে আবু বক্কর। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বড় ভাইয়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়।
চট্টগ্রাম নগরের হিলভিউ এলাকার ১ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় স্ত্রী আমেনা বেগম ও দুই সন্তানকে নিয়ে থাকতেন বাবা মোহাম্মদ কবীর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে পণ্য ওঠানামার কাজ করেন তিনি। বড় ছেলে আরাফাত স্থানীয় হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
একের পর এক হাসপাতালে ছুটেছেন বাবা
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে জ্বর, বমি ও কাশিতে অসুস্থ হয়ে পড়ে আরাফাত। প্রথমে তাকে সাউদার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসার পর অবস্থার অবনতি হলে মেরিন সিটি হাসপাতাল ও পরে ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। দুই হাসপাতালেই নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলে। পরে গত সোমবার চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
অন্যদিকে ছোট ছেলে আবু বক্করের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। চৌধুরী হাসপাতালে পাঁচ দিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছিল সে। পরে আবার জ্বর শুরু হয়। এর মধ্যে বড় ছেলেরও জ্বর, বমি ও কাশি দেখা দেয়। প্রথম পরীক্ষায় আরাফাতের ডেঙ্গু নেগেটিভ এলেও পরবর্তী পরীক্ষায় পজিটিভ আসে।
দুই শিশুর অবস্থার অবনতি হলে তাদের সাজন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা হামের উপসর্গের কথা জানান। শয্যা খালি না থাকায় পরে দুই ভাইকে এমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাশাপাশি শয্যায় তাদের চিকিৎসা চলছিল।
বাবা মোহাম্মদ কবীর জানান, এমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাতের শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসকেরা আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে খোঁজ করেও আইসিইউর শয্যা পাওয়া কঠিন হয়ে পড়ে। পরে চিকিৎসার ব্যয় সামলাতে না পেরে ছেলেকে মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে যান।
কবীর বলেন, ‘আইসিইউর জন্য পুরো চট্টগ্রাম ঘুরেছি, কোথাও সিট পাইনি। চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন, ওকে বাঁচানো সম্ভব হবে না। ডেঙ্গু, হাম ও নিউমোনিয়া—তিনটি একসঙ্গে শরীরে আক্রমণ করেছিল। ফুসফুস ও লিভার আক্রান্ত হয়ে গিয়েছিল।’
দুই সন্তানের চিকিৎসায় ব্যয় প্রায় চার লাখ টাকা
বড় ছেলের মৃত্যুর পরও ছোট সন্তানকে বাঁচানোর আশা ছাড়েননি কবীর। গত শনিবার সকালে আবু বক্করের অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও রোববার রাতে মারা যায় শিশুটি।
দুই সন্তানের চিকিৎসায় প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে বলে জানান কবীর। তাঁর প্রতিষ্ঠানের সহকর্মী, প্রতিবেশী ও বড় ভাই আর্থিক সহযোগিতা করেছেন।
দুই সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন কবীরের স্ত্রী আমেনা বেগমও। স্বজনদের ভাষ্য, বড় ছেলের মৃত্যুর পর থেকেই তিনি বারবার সন্তানদের খুঁজছেন। শোক সামলাতে না পেরে কখনো সংজ্ঞাও হারাচ্ছেন।
কবীর বলেন, ‘আমার স্ত্রীর অবস্থা ভালো না। দুইটা ছেলে একসঙ্গে চলে গেল। একজন শুক্রবারে গেল, আরেকজন রোববার রাতে। আমার ঘরটা একেবারে খালি হয়ে গেল। ডেঙ্গু আমার পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে।’
নিজের দুই সন্তানকে হারিয়ে অন্য অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘আমার দুইটা ছেলে চলে গেছে, আর কারও সন্তান যেন এভাবে না যায়। ডেঙ্গু হলে অবহেলা করবেন না। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাবেন। সবাই সতর্ক থাকুন।’









