গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন। প্রস্তাবে শ্রমিকদের সর্বোচ্চ গ্রেডে ৪৮ হাজার এবং কর্মচারীদের সর্বোচ্চ গ্রেডে ৫৫ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে। তবে মালিকপক্ষ এখনো কোনো লিখিত প্রস্তাব দেয়নি। তাদের প্রস্তাব জমা দিতে চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বোর্ডের সদস্য ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, জাতীয়, আঞ্চলিক ও কারখানাপর্যায়ের শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এবং পারস্পরিক আস্থা ও দাবির প্রতি সম্মান রেখে মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিক প্রস্তাবে শুধু মজুরির পরিমাণ উল্লেখ করা হয়েছে। গ্রেড, পদ ও দাবির যৌক্তিকতা নিয়ে আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে।

শ্রমিকদের প্রস্তাবিত মজুরি

প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের জন্য ১ নম্বর গ্রেডে ৪৮ হাজার, ২ নম্বর গ্রেডে ৪৩ হাজার, ৩ নম্বর গ্রেডে ৩৮ হাজার এবং ৪ নম্বর গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।

অন্যদিকে, কর্মচারীদের ১ নম্বর গ্রেডে ৫৫ হাজার, ২ নম্বর গ্রেডে ৫০ হাজার, ৩ নম্বর গ্রেডে ৪৫ হাজার এবং ৪ নম্বর গ্রেড বা অফিস স্টাফদের জন্য ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে।

মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার পর বোর্ডে দুই পক্ষের দাবিগুলো নিয়ে আলোচনা এগোবে।