দ্বিতীয় পদ্মা সেতু ইংরেজি ‘ওয়াই’ (Y) অক্ষরের আদলে নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবিত এই নকশায় তিনটি পৃথক অঞ্চলকে একটি সংযোগস্থলের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সেতুটি নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা জেলার সীমান্তবর্তী কয়েকটি রুট বিবেচনায় নেওয়া হচ্ছে।
গত ৩ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে দ্বিতীয় পদ্মা সেতু, পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় যমুনা সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
‘ওয়াই-টাইপ’ সেতু বলতে এমন একটি অবকাঠামোকে বোঝায়, যার নকশা ইংরেজি ‘Y’ অক্ষরের মতো। এর মাধ্যমে তিনটি পৃথক সড়ক বা অঞ্চল একটি সংযোগস্থলে যুক্ত হতে পারে। প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর ক্ষেত্রে এই নকশা বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের পাবনার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকাকে কেন্দ্র করে সেতুর অবস্থান নির্ধারণের প্রস্তাব রয়েছে। তবে চূড়ান্ত স্থান নির্ধারণের আগে একাধিক সম্ভাব্য রুটের ওপর সমীক্ষা চালানো হচ্ছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দ্বিতীয় পদ্মা সেতুর জন্য রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী তিনটি সম্ভাব্য রুট বিবেচনায় রয়েছে। এর মধ্যে রাজবাড়ী-পাবনা, মানিকগঞ্জ-রাজবাড়ী এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুট উল্লেখযোগ্য। বিদ্যমান পদ্মা সেতুর উজানে প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার দূরত্বের মধ্যে এসব স্থান নিয়ে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হচ্ছে।
সেতু কর্তৃপক্ষের পরামর্শক দল সংশ্লিষ্ট এলাকায় ভূ-প্রাকৃতিক ও নদীর পানিপ্রবাহসংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছে। সমীক্ষার ফলাফল বিশ্লেষণ করেই সেতুর উপযুক্ত অবস্থান চূড়ান্ত করা হবে।
সেতুমন্ত্রী জানান, পদ্মা ব্যারাজ প্রকল্পের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়টিও নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার সরকারের নির্বাচনি ইশতেহারেও রয়েছে।
তিনি বলেন, প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় এবং নির্মাণকাজে সামঞ্জস্য নিশ্চিত করতে বৈঠকে আলোচনা হয়েছে। পদ্মা ব্যারাজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়নেও এটি কীভাবে কাজে লাগানো যায়, তা বিবেচনায় রাখা হচ্ছে।
বৈঠকে পদ্মা ব্যারাজ ও প্রস্তাবিত ওয়াই-টাইপ সেতুর মধ্যে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে কি না, কিংবা দুটি প্রকল্প পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করতে পারবে কি না, তা নিয়েও আলোচনা হয়। পরে সিদ্ধান্ত হয়, পদ্মা ব্যারাজের পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগও অব্যাহত থাকবে।









