তৈরি পোশাকশ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এ প্রস্তাব জমা দেন।
প্রস্তাবিত মজুরি কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের জন্য ৪৮ হাজার, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর জন্য ৩২ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। এ ছাড়া নতুন বা শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা না দিয়ে সাত কার্যদিবস সময় চেয়েছে। তবে মজুরি বোর্ড তাদের চার কার্যদিবস সময় দিয়েছে। এ সময়ের মধ্যে মালিকপক্ষকে প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে হবে।
সভা শেষে বোর্ডের চেয়ারম্যান জানান, মালিক ও শ্রমিক উভয় পক্ষের কাছ থেকেই মজুরি প্রস্তাব চাওয়া হয়েছিল। শ্রমিকপক্ষ প্রস্তাব জমা দিলেও মালিকপক্ষ সময় চেয়েছে।
তিনি আরও জানান, মজুরি-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার দায়িত্ব বোর্ডের নিরপেক্ষ সদস্যকে দেওয়া হয়েছে। প্রয়োজনে তিনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পারবেন এবং পরবর্তী সভায় এক বা একাধিক বিশেষজ্ঞকে যুক্ত করতে পারবেন।
মজুরি নির্ধারণের আগে কারখানার বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার সিদ্ধান্তও নিয়েছে বোর্ড। এ লক্ষ্যে চলতি সপ্তাহে বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন করা হবে। বর্তমানে তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করছেন। তাঁদের সঙ্গে প্রায় ৪০ লাখ পরিবারও জড়িত বলে সভায় উল্লেখ করা হয়।
সভা শুরুর আগে মজুরি বাড়ানোর দাবিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত পাঁচটি জোটের পক্ষ থেকেও সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়ে আলোচনা হয়। সুপারিশ অনুমোদিত হলে আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার কথা রয়েছে শ্রমিকদের।
উল্লেখ্য, বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো নির্ধারণের সময় আগের ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এ পরিমাণ নির্ধারণ করা হয়েছিল।









