পাকিস্তানের লাহোরে দুই সপ্তাহের এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা দেশটিতে গেছেন। রোববার (৮ নভেম্বর) অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ে।
লাহোরের ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিনিধিদলকে বিদায় জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে পাকিস্তানের হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, প্রাতিষ্ঠানিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল গভর্নেন্সসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে ২০২৫ সালের আগস্টে ঘোষিত বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডর উদ্যোগের বিষয়টিও তুলে ধরা হয়। এ উদ্যোগের আওতায় ২০২৬ সালে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। আরও ২০ জন শিক্ষার্থী শিগগিরই সেখানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া চলতি বছরের শুরুতে ১২ জন জ্যেষ্ঠ বাংলাদেশি সরকারি কর্মকর্তা একই ধরনের এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমান ৩৪ সদস্যের প্রতিনিধিদলটি এ কর্মসূচির দ্বিতীয় ব্যাচ। দুই দেশের মধ্যে জনপ্রশাসন ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।









