শেরপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে জানা গেছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাজিরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. জিন্নাত আলীর (৬৫) বাড়ি ওই গ্রামে। তিনি মৃত টন মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচা ও ভাতিজাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জিন্নাত আলীকে তাঁর ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ ৫-৬ জন মারধর করেন বলে অভিযোগ রয়েছে। তাঁকে কিল-ঘুষি, লাথি ও ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেওয়া হয়। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা তাঁকে গুরুতর অবস্থায় শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জিন্নাত আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জসিমদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও অন্যান্য আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









