বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফরমের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এতে আবেদনকারীরা প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র নিজেরাই সহজে পূরণ করতে পারবেন এবং এজেন্টের ওপর নির্ভরশীলতা কমবে বলে জানিয়েছে হাইকমিশন।
শুক্রবার (৬ নভেম্বর) এক বার্তায় হাইকমিশন জানায়, প্রায় তিন সপ্তাহ আগে সংশোধিত ও সহজীকৃত ফরমটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
নতুন ফরমে প্রয়োজনীয় তথ্য বোঝা ও পূরণ করা সহজ হবে। পাশাপাশি সব ধরনের ভিসার আবেদনে একই ধরনের মানসম্মত ফরম্যাট অনুসরণ করা হবে, যা আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে অভিন্নতা নিশ্চিত করবে।
হাইকমিশন জানিয়েছে, আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আবেদনকারীবান্ধব করাই এ উদ্যোগের লক্ষ্য। তবে ফরমের কাঠামো পরিবর্তনের ফলে ভিসা পাওয়ার যোগ্যতার বিদ্যমান শর্তে কোনো পরিবর্তন আসেনি।
বাংলাদেশি আবেদনকারীদের ভোগান্তি কমাতে ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া সহজ করার চলমান উদ্যোগের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।









