লন্ডন থেকে পোল্যান্ডগামী একটি যাত্রীবাহী বিমানে বোমা হামলার হুমকি পাওয়ার পর সেটির গতিপথ পরিবর্তন করে মডলিন বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। বিমানটিতে ১৮১ জন যাত্রী ছিলেন। এ ঘটনার পর নিরাপত্তার কারণে পোল্যান্ডের সবচেয়ে বড় ও ব্যস্ততম শোপেন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত রাখা হয়।

সম্ভাব্য বোমা হামলার সতর্কবার্তা পাওয়ার পর বিমানটির গন্তব্য পরিবর্তন করা হয়। এ সময় জরুরি সেবা সংস্থার কর্মীরা বিমানবন্দরে ছুটে যান। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মডলিন বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে শোপেন বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। তবে বিমানে বিস্ফোরক ডিভাইস থাকার তথ্য পাওয়ার পর সেটির গতিপথ পরিবর্তন করা হয় বলে জানিয়েছে মডলিন বিমানবন্দর কর্তৃপক্ষ।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মডলিন বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষের একজন মুখপাত্র। নিরাপত্তা সংস্থাগুলো বোমা হামলার হুমকির তথ্য যাচাই করছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী, কর্মী ও বিমানবন্দরের কর্মচারীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

অবতরণের পর বিমানটিকে বিমানবন্দরের একটি নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয়। এর আগে একই ধরনের হুমকির পর লন্ডন থেকে আসা উইজ এয়ারের একটি ফ্লাইটকে সহায়তা করতে যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে বোমা হামলার হুমকির ঘটনা ঘটল।

এদিকে ডেনমার্কের কোপেনহেগেন থেকে আসা এসএএসের একটি বিমানকে কেন্দ্র করেও পোল্যান্ডে জরুরি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিমানটি শোপেন বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দরটি খোলা থাকলেও যাত্রীদের সম্ভাব্য বিলম্ব ও ফ্লাইট চলাচলে বিঘ্নের বিষয়ে সতর্ক করা হচ্ছে।