জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তবে চলতি বছর দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি পালন করা হবে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব ওয়ালীউল দামান।
তবে চলতি বছর ৭ নভেম্বর শনিবার হওয়ায় দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যেই পড়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা এ উপলক্ষে আলাদা কোনো ছুটি পাচ্ছেন না।
এর আগে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হবে এবং এ উপলক্ষে প্রতিবছর সাধারণ ছুটি থাকবে।








