রাজউকের পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন।
আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন শওকত আজিজ রাসেল। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন জানান, পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে রাসেল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তাঁর আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে জামিন চান। একই সঙ্গে কারাগারে ডিভিশন দেওয়ার আবেদনও করা হয়। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে একই আদালত এ মামলায় শওকত আজিজ রাসেলসহ আটজনকে ১৪ বছর করে কারাদণ্ড দেন।









