সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের সময় বিমানবন্দরে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা।

সকালে লাশবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেন। পরে স্বজনরা লাশ নিয়ে নওগাঁ ও নাটোরের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

এ সময় নিহতদের পরিবারের সদস্যরা সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি জানান। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে প্রত্যেক নিহতের দাফনের জন্য ৩৫ হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া তিন মাস পর প্রতিটি পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।

এর আগে সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। প্রথম দফায় নিহতদের মধ্যে নয়জনের লাশ দেশে আনা হয়েছিল। বাকি সাতজনের লাশ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়।

ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া সাতজন হলেন নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।