২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে প্রতিষ্ঠানটির গড় পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। ইংরেজি ভার্সনে পাসের হার শতভাগ। এ বছর কলেজটি থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩১২ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে প্রায় সবাই উত্তীর্ণ হয়েছেন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৮৩ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। অন্যদিকে, মানবিক বিভাগ থেকে ৩১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছেন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন।

ফলাফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ক্যাম্পাসে জড়ো হয়ে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উদযাপনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

অভিভাবকেরা জানান, প্রত্যাশিত ফলাফল তাঁদের সন্তানদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। ভালো ফলাফল অর্জন করায় শিক্ষার্থী ও অভিভাবকেরা কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং প্রশাসনিক কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, একবার ভালো ফলাফল করা চমক হতে পারে। কিন্তু বছরের পর বছর ধারাবাহিকভাবে ভালো ফলাফল বজায় রাখা এবং সাফল্যের মাত্রা বাড়ানো যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বড় চ্যালেঞ্জ। নিয়মানুবর্তিতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মাইলস্টোন কলেজ সেই ধারাবাহিকতা বজায় রাখছে।

তিনি এইচএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।