ভারতের আসাম রাজ্যে চলন্ত বাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। কাজিরাঙার কাছে সড়কপথে যাওয়ার সময় হঠাৎ প্রসবব্যথা শুরু হলে বাসচালক ও যাত্রীরা তাঁর সহায়তায় এগিয়ে আসেন। তাঁদের সম্মিলিত সহযোগিতায় বাসের মধ্যেই সন্তান প্রসব করেন ওই নারী। পরে মা ও নবজাতককে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

জানা গেছে, গুয়াহাটি থেকে ধিব্রুগড়গামী একটি বাসে পরিবারের সাত সদস্যের সঙ্গে ভ্রমণ করছিলেন ওই নারী। জাগিরোড থেকে দিমৌ যাওয়ার পথে হঠাৎ তাঁর প্রসবব্যথা শুরু হয়।

বাসচালক বাবুল বরপাত্র জানান, বাসের ভেতর থেকে যাত্রীদের চিৎকার শুনে তিনি গাড়ি থামান। পরে জানতে পারেন, এক নারী সন্তান প্রসব করতে যাচ্ছেন।

পরিস্থিতি বুঝতে পেরে বাসের যাত্রীরা দ্রুত সহযোগিতায় এগিয়ে আসেন। ওই নারীকে গোপনীয়তা দিতে পুরুষ যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলা হয়। এরপর কম্বল ও কাপড় দিয়ে বাসের ভেতরে অস্থায়ী আড়ালের ব্যবস্থা করা হয়।

বাসের যাত্রী ও কর্মীরা প্রসবের সময় ওই নারীকে সহযোগিতা করেন। অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

এদিকে বাসচালক ও অন্য যাত্রীরা জরুরি সেবায় খবর দেন। পরে অ্যাম্বুলেন্স এসে মা ও নবজাতককে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে দুজনই সুস্থ ও স্থিতিশীল রয়েছেন।