তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য দিয়েছেন তার সঙ্গে থাকা বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ। তার দাবি, কয়েকজন লোক ধাওয়া করলে প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর তিনি সেখান থেকে পালিয়ে যান।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা এ তথ্য জানান। পিবিআইয়ের এক পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে দীপ জানিয়েছেন, তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি পালিয়ে আসেন। তবে দীপের এই বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।

এদিকে, তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল শুক্রবার সকালে মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, মোটরসাইকেলটির মালিকানা যাচাই করা হচ্ছে এবং তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছে পিবিআই।

গত বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে ২৮ বছর বয়সী তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় এসেছিলেন।

পরিবারের ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই।

পিবিআই প্রধান মোস্তফা কামাল জানান, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো হচ্ছে না।