স্বামীর জামিন করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যুবদলের সাবেক নেতা মো. হযরত আলী মণ্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, একটি হত্যাচেষ্টা মামলায় গত ১৪ সেপ্টেম্বর ওই নারীর স্বামী দুলাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। স্বামীর জামিনের ব্যবস্থা করতে স্থানীয়দের পরামর্শে হযরত আলীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। অভিযোগ, জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেন হযরত আলী।

ভুক্তভোগীর অভিযোগ, প্রস্তাবে রাজি না হওয়ায় পরদিন সকালে কৌশলে তাঁর বাড়িতে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত। এ সময় নিজের মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন তিনি। পরে স্বজনরা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে চলে যান হযরত আলী। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা শুরু হয়।

তবে হযরত আলী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সম্মানহানি করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে এবং ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি তিনি দেখেছেন। বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।