গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি সাবমারসিবল পাম্পের পাইপে গ্যাসলাইট ধরাতেই আগুন জ্বলে ওঠার ঘটনা ঘটেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মাটির নিচে গ্যাসের উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত হতে দ্রুত বিশেষজ্ঞ দল দিয়ে পরীক্ষা করার দাবি জানিয়েছেন তারা।

উপজেলার বান্ধবাড়ি ইউনিয়নের ভাসাই বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় হার্ডওয়্যার ব্যবসায়ী কামরুল শেখ প্রায় এক বছর আগে মাছের গাড়িতে পানি সরবরাহের জন্য পাম্পটি স্থাপন করেন। গত এক সপ্তাহ ধরে পাম্পে পানি কম উঠছিল। বুধবার (২৮ অক্টোবর) রাতে বিষয়টি পরীক্ষা করতে গিয়ে পাইপের মুখে গ্যাসলাইট ধরালে আগুন জ্বলে ওঠে বলে জানান সংশ্লিষ্টরা।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কামরুলের দোকানের সামনে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়দের অনুরোধে পাম্প চালিয়ে আগুন জ্বলার বিষয়টি দেখান তিনি। তবে আগুন জ্বললেও সেখানে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি রয়েছে কি না, তা এখনো বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হয়নি।

স্থানীয় এক যুবক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা বিষয়টি দেখেছেন। মাটির নিচে সত্যিই গ্যাস রয়েছে কি না, তা জানতে বিশেষজ্ঞ দল দিয়ে পরীক্ষা করার দাবি জানান তিনি।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট তহশিলদারদের ঘটনাস্থলে পাঠিয়েছেন। তাদের প্রাথমিক তথ্যে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শুক্রবার তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেবেন।