জেলা প্রতিনিধি : মাহফুজুর রহমান সাইমন শেরপুর


শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গোপালপুর ও পার্শ্ববর্তী পাইখাতলা এলাকায় বাঘ সদৃশ একটি প্রাণী দেখার খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে গোপালপুর এলাকায় লোকালয়ে প্রাণীটিকে দেখতে পান এলাকাবাসী। এরপর গত ৩-৪ দিন আগে পাশের গ্রাম পাইখাতলা এলাকাতেও কয়েকজন প্রাণীটিকে দেখেছেন বলে দাবি করেন।


পাইখাতলা এলাকার প্রত্যক্ষদর্শী এরশাদ আলী জানান, প্রাণীটিকে দেখতে অনেকটা বাঘের মতো। তবে এটি আসলেই বাঘ কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।


এদিকে, প্রাণীটির সন্ধানে আজ দুপুরে পাইখাতলা এলাকার ২৫ থেকে ৩০ জন যুবক ধানক্ষেতে তল্লাশি চালান। তবে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও প্রাণীটির দেখা পাননি তাঁরা।


এ ঘটনায় পুরো ইউনিয়নজুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে প্রাণীটি আসলে কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।