মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা হওয়ার পর তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের ওএসডি করা হয়।

ওএসডি হওয়া তিন উপসচিব হলেন জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. তোফাজ্জল হোসেন, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব নাহিদা বারিক।

তারা ২৯তম বিসিএসের কর্মকর্তা। অভিযোগ রয়েছে, মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেলেও তারা কেউই সংশ্লিষ্ট সময়ে ওই কোটায় প্রার্থী হিসেবে আবেদন করেননি।

এ ঘটনায় দীর্ঘদিন তদন্ত করে দুদক। তদন্তে ওই তিন উপসচিবসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির তথ্য পাওয়া যায় বলে জানা গেছে। বাকি তিন কর্মকর্তা অন্য ক্যাডারের।

এ ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার পরিপ্রেক্ষিতে তিন উপসচিবকে ওএসডি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।