জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচির ঘোষণা দেন। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ সমাবেশের আয়োজন করছে।

ভিডিওবার্তায় হাসনাত বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের সঙ্গে আলোচনা ছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নাগরিকদের নিরাপত্তাহীনতা এবং আইনের শাসনের অনুপস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ড, চাঁদাবাজি, লুটতরাজ ও রাস্তাঘাটে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ তুলে তিনি এসবের প্রতিবাদে সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সুশাসন ও সুস্থ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। এ লড়াইয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও কামনা করেন তিনি।