শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে রাজধানীর গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থা। অভিযানে বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করা হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ অভিযান চলে প্রায় তিন ঘণ্টা। অভিযানকালে শুল্ক ফাঁকি দিয়ে উচ্চ শুল্ক আরোপযোগ্য অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় সংগ্রহ এবং বিক্রির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে এনবিআর।
এনবিআর জানায়, জব্দ করা অ্যালকোহলের বৈধ উৎস যাচাই, শুল্ক-কর ও ভ্যাট ফাঁকির তথ্য উদ্ঘাটন এবং বিক্রির অর্থ আয়কর নথিতে যথাযথভাবে দেখানো হয়েছে কি না, তা পরীক্ষা করাই অভিযানের মূল লক্ষ্য। পাশাপাশি, এসব লেনদেনে মানি লন্ডারিংয়ের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে অংশ নেয় চারটি গোয়েন্দা সংস্থা—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, কাস্টমস গোয়েন্দা, আয়কর গোয়েন্দা এবং ভ্যাট গোয়েন্দা বিভাগ। অভিযানে সার্বিক নিরাপত্তা ও কার্যক্রমে সহযোগিতা দেয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি)।
জব্দ করা পণ্যের সুনির্দিষ্ট পরিমাণ, সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির হিসাব এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনবিআর।








