রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৪৭ জন, ওয়ারীতে ৮৭ জন, মতিঝিলে ৭৮ জন, তেজগাঁওয়ে ১১০ জন, মিরপুরে ২০৬ জন, গুলশানে ৭৮ জন, উত্তরা বিভাগে ৩২ জন, স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ) চারজন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

অভিযানকালে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা ও ৪৯৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম কার্ড, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা ও চারটি ব্যাটারি, নগদ ৩২ হাজার ৫৩০ টাকা, জুয়া খেলার ১০৪টি কার্ড, আটটি খাতা এবং গাঁজাভর্তি কলকিসহ কাটার জব্দ করা হয়।

মো. আকতার হোসেন জানান, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।