সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে ‘আবেগবশত’ মন্তব্য করার জন্য ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান রতন।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ‘পাপের লাশ বাংলাদেশে আনতে চাই না’ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে কামরুজ্জামান রতন লেখেন, সম্প্রতি একটি টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের দুঃখজনক ঘটনা নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে তিনি আবেগবশত ওই মন্তব্য করেছিলেন।
তিনি বলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক, তা চাই না’—এমন মন্তব্য করা তাঁর একেবারেই ঠিক হয়নি। তিনি মন্তব্যটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করছেন।
এমপি রতন আরও বলেন, তাঁর ওই মন্তব্যের কারণে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট ও আঘাত লেগেছে, সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।









