ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার ঘটনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছেন পাইলট। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ নারী অঞ্জনা ভৌমিককে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত অঞ্জনা ভৌমিক ভারতীয় নাগরিক। এয়ার অ্যাম্বুলেন্সে তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রী তালিকা অনুযায়ী, তাঁদের সবার জাতীয়তা ভারতীয়।
এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল ভারতের এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর VT-HYA। পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।
তবে মাঝ আকাশে উড়োজাহাজটির দরজা কী কারণে খুলে গিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে অঞ্জনা ভৌমিকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।









