রাজধানী ঢাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মুঠোফোন, যানবাহন, নগদ টাকা ও মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে ১২৩ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, লালবাগ বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৯ জন এবং উত্তরা বিভাগে ২৫ জন রয়েছেন।
অভিযানকালে ১৫টি মুঠোফোন, একটি রিয়ার সাইড পিলার কভার, দুটি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি সেলাই রেঞ্জ এবং নগদ ৩ হাজার ৩০৫ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।









