বলিউডে অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেট খাতেও বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে অভিনেতা রণবীর কাপুরের। সম্প্রতি পুনের একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়ে প্রতি মাসে ৪ লাখ ৬৩ হাজার টাকার বেশি আয় করতে যাচ্ছেন তিনি। তিন বছরের ভাড়ার চুক্তিতে এই সম্পত্তি থেকে তাঁর মোট আয় হতে পারে প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা। সম্পত্তি সংক্রান্ত নথিপত্র বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
পুনের কালিয়ানি নগরের ট্রাম্প টাওয়ার্সে অবস্থিত ৬ হাজার ৯৪ বর্গফুটের ফ্ল্যাটটির মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। চুক্তি অনুযায়ী, প্রতি বছর ভাড়া ৫ শতাংশ করে বাড়বে। গত ৬ অক্টোবর চুক্তিটি নিবন্ধিত হয়। এর মেয়াদ ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। ফ্ল্যাটটির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে।
জানা গেছে, ২০১৫ সালে ১১ কোটিরও বেশি টাকা দিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন রণবীর। ট্রাম্প অর্গানাইজেশন ও পঞ্চশীল রিয়েলটির যৌথ উদ্যোগে পুনের কালিয়ানি নগরে নির্মিত হয়েছে ট্রাম্প টাওয়ার্স। ২৩ তলাবিশিষ্ট দুটি টাওয়ার নিয়ে গড়ে ওঠা এই আবাসনে মোট ৪৬টি ফ্ল্যাট রয়েছে।
রিয়েল এস্টেটে রণবীরের বিনিয়োগের পরিধি ক্রমেই বাড়ছে। চলতি বছরের মে মাসে অযোধ্যায় সরযূ নদীর তীরে হাউস অব অভিনন্দন লোঢার ‘দ্য সরযূ’ প্রকল্পে ২ হাজার ১৩৪ বর্গফুটের একটি জমি কেনেন তিনি। জমিটি কিনতে তাঁর ব্যয় হয়েছে ৩ কোটি ৩১ লাখ টাকা।
এ ছাড়া পুনের মুলশি তালুক এলাকায় প্রায় ২৫ একরজুড়ে চারটি প্লট কিনেছেন এই অভিনেতা। সম্পত্তির নথি অনুযায়ী, এসব জমি কেনার জন্য তাঁর মোট খরচ হয়েছে ১৬ কোটি ৪২ লাখ টাকা।
এর আগে চলতি বছরের মে মাসে মুম্বাইয়ের পালি হিলের ‘বাস্তু’ ভবনে নিজের ২ হাজার ৪৬০ বর্গফুটের একটি ফ্ল্যাট ভাড়া দেন রণবীর। পাঁচ বছরের চুক্তিতে ফ্ল্যাটটির মাসিক ভাড়া নির্ধারণ করা হয় ১১ লাখ টাকা। ২০১৬ সালে ৩৫ কোটি টাকা দিয়ে সম্পত্তিটি কিনেছিলেন তিনি। চুক্তিতে প্রতি বছর ৫ শতাংশ ভাড়া বৃদ্ধির শর্তের পাশাপাশি ৪৫ লাখ টাকার জামানত রাখার বিষয়টিও রয়েছে।
অভিনয়ের পাশাপাশি সম্পত্তি থেকে নিয়মিত আয় নিশ্চিত করার কৌশলও নিয়েছেন রণবীর। একাধিক আবাসিক সম্পত্তি ও জমিতে বিনিয়োগের মাধ্যমে রিয়েল এস্টেট খাতে নিজের অবস্থান শক্ত করছেন এই বলিউড তারকা।
এদিকে বড় পর্দায়ও ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর। পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’-এ ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। সীতা চরিত্রে রয়েছেন সাই পল্লবী। এ ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে যশ, সানি দেওল, লারা দত্ত ও রবি দুবেকে। ছবিটি আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পাশাপাশি সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতেও অভিনয় করছেন রণবীর। সব মিলিয়ে অভিনয়জীবনের ব্যস্ততার পাশাপাশি রিয়েল এস্টেটে বিনিয়োগের মাধ্যমে আয়ের নতুন পথ তৈরি করছেন এই অভিনেতা।









