রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। কক্ষটি অপরিচ্ছন্ন থাকায় এ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্দেশনার পর রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।