দেশে শীতের আগমন শুরু হতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহেই। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে শীতের অনুভূতি আগে দেখা দিতে পারে। তবে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ শুরু হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা এ কে এম নাজমুল হক জানান, সাম্প্রতিক কয়েক বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণে এবার ফেব্রুয়ারি পর্যন্ত শীতের প্রভাব থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়তে পারে, আর জানুয়ারিতে শীতের তীব্রতা সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তার ধারণা অনুযায়ী, শীতের সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তবে এটি পূর্বাভাসভিত্তিক ধারণা; প্রকৃত তাপমাত্রা আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করবে।

citytouch 728-X-90

এদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ অক্টোবর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ১৪ অক্টোবর তা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, ১৩ অক্টোবর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করলেও ঘনবসতি ও নগরায়ণের কারণে শীতের অনুভূতি স্পষ্ট হতে আরও সময় লাগতে পারে। ফলে এখনই তীব্র শীতের পরিবর্তে ধীরে ধীরে আবহাওয়া শীতল হওয়ার সম্ভাবনাই বেশি।