সরকারি চাকরিজীবীদের পাশাপাশি নতুন জাতীয় বেতন কাঠামোর সুবিধা পাওয়ার কথা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও। তবে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলেও এমপিওভুক্তদের ক্ষেত্রে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পেতে তাঁদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

সরকারি চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়ে অর্থ মন্ত্রণালয় পরিপত্র জারি করেছে। সে অনুযায়ী, অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি কর্মচারীদের। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার প্রক্রিয়া এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দিতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তবে এ সময়সীমা নিশ্চিত নয়। অর্থ বিভাগের আদেশ জারি এবং পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ হওয়ার ওপরই বিষয়টি নির্ভর করছে।

citytouch 728-X-90

দেশে বর্তমানে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিও সুবিধার আওতায় রয়েছেন। তাঁদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এমপিও বা মান্থলি পে অর্ডার ব্যবস্থার আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার একটি অংশ সরকার নিয়মিত অনুদান হিসেবে দেয়। এ ব্যবস্থায় তাঁরা মূল বেতনের শতভাগের পাশাপাশি চিকিৎসা ভাতাসহ নির্ধারিত কিছু ভাতা পেয়ে থাকেন।

গত বছর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে তাঁরা মাসে এক হাজার টাকা করে বাড়িভাড়া ভাতা পেতেন। তবে যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব আয় বেশি, সেগুলো এমপিওর বাইরে থেকেও শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত অর্থ দিতে পারে। অধিকাংশ প্রতিষ্ঠানের সে ধরনের আর্থিক সক্ষমতা না থাকায় শিক্ষক-কর্মচারীদের বড় অংশ সরকারি অনুদানের ওপর নির্ভরশীল।

নতুন বেতন কাঠামো কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও বাড়িভাড়া ভাতা বাড়বে বলে আশা করা হচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের স্তর এবং পদ অনুযায়ী তাঁদের বেতন গ্রেডে পার্থক্য রয়েছে। নতুন কাঠামো বাস্তবায়িত হলে তাঁরা নিজ নিজ গ্রেড অনুযায়ী বেতন পাবেন।

অর্থ বিভাগের এক অতিরিক্ত সচিব জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আদেশ কবে জারি হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যাতে দ্রুত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পেতে পারেন, সে বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

তবে চূড়ান্ত আদেশ জারি না হওয়া পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকরের নির্দিষ্ট সময় নিশ্চিত করে বলা যাচ্ছে না।