ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, মরহুমের সহযোদ্ধা এবং অসংখ্য গুণগ্রাহী অংশ নেন।

জানাজার আগে সালাহউদ্দিন আহমেদের জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তব্য দেওয়া হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

citytouch 728-X-90

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, প্রবীণ এই নেতার জানাজা ও দাফন তিন ধাপে সম্পন্ন করার কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।

এরপর বিকেল ৩টায় শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালাহউদ্দিন আহমেদের মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।