মাহফুজুর রহমান সাইমন শেরপুর জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।
বুধবার (১৪ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শিমুলকুচি ও আঠারোবাড়ি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। অভিযানে কসমেটিকসের কোনো মালিককে পাওয়া যায়নি।
বিজিবি সূত্রে জানা যায়, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় কসমেটিকস চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










