নাফীজ আহমেদ, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ৩৬ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে অনুষদভিত্তিক সেরা ফলাফল অর্জনের স্বীকৃতি হিসেবে তাঁদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।



অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এ ছাড়া আটটি অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আল-ফায়েদ, আলী আহসান মোহাম্মদ জুবায়ের, দেলোয়ার হোসাইন, শরিফুল ইসলাম ও নাইমুর রহমান; আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ জহুরুল ইসলাম ও আব্দুল্লাহ এহসান ভূঁইয়া এবং দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম অ্যাওয়ার্ড পেয়েছেন।

citytouch 728-X-90



কলা অনুষদ থেকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তানজিলা খাতুন, হাফিজুল ইসলাম ও জেবা রহমান; সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে লোকপ্রশাসন বিভাগের মোন্তাকিম রহমান, অর্থনীতি বিভাগের টগর আলী ও জেসিয়া আক্তার তন্নি এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সিরাজুম মনিরা অ্যাওয়ার্ড পেয়েছেন।



আইন অনুষদ থেকে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সাদিয়া ও রাফিয়া খাতুন এবং আইন বিভাগের আমজাদ হোসেন পুরস্কৃত হয়েছেন। ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমি খাতুন ও ফয়সাল আহমেদ ফাহিম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রত্যয় সানা, সিরাজুল ইসলাম ও অনিন্দ্য সাহা এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মেহেদী হাসান সিকদার অ্যাওয়ার্ড পেয়েছেন।



বিজ্ঞান অনুষদ থেকে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের মেহেদী হাসান লিমন ও মাহমুদুল হাসান এবং গণিত বিভাগের আরিফুল ইসলাম; প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মহুয়া রহমান নাইচ ও জান্নাতুন নাইম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসান হাবিব ও জেরিন খাতুন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মাহফুজুর রহমান অ্যাওয়ার্ড পেয়েছেন।



এ ছাড়া জীববিজ্ঞান অনুষদ থেকে ফার্মেসি বিভাগের আব্দুল্লাহ আল মামুন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসান ও সুরাইয়া ইসলাম এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সাজিয়া ফারজানা অ্যাওয়ার্ড পেয়েছেন।



অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “এটি নিঃসন্দেহে তোমাদের জন্য উল্লেখযোগ্য দিন। যারা অ্যাওয়ার্ড পেয়েছ, তাদের জন্য এটি স্মরণীয় দিন হয়ে থাকবে। তোমাদের যোগ্যতা, মেধা ও পরিশ্রমের ফল হিসেবে এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রদান করা হলো। তোমাদের ওপর নতুন একটি দায়িত্ব অর্পিত হলো। কর্মক্ষেত্রে দেশ ও মানুষের জন্য এবং বিশ্ববিদ্যালয়কে সম্মানের জায়গায় পৌঁছে দিতে অ্যাম্বাসেডর হিসেবে তোমরা ভূমিকা রাখবে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই অ্যাওয়ার্ড সহযোগিতা করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে দেশে ও বিদেশে সম্মানজনক অবস্থানে রয়েছেন। আশা করি, তোমরাও ভালো অবস্থানে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেবে।”