মোঃ আঃ রহমান শিপন, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর শাখা সেক্রেটারির পদ থেকে পদত্যাগের আবেদন করেছেন মো. রাশেদুল ইসলাম বাবু। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে সাংগঠনিক দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে তিনি এ আবেদন করেন। তাঁর পদত্যাগের আবেদনের পর ইউনিয়ন শাখার সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে প্রফেসর চাঁদ মিয়াকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু। এর আগে গত ৩ অক্টোবর উপজেলা আমির বরাবর পদত্যাগপত্র জমা দেন রাশেদুল ইসলাম বাবু।
পদত্যাগপত্রে বাবু উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি তাঁর ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে আসছেন। তবে বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কারণে দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ কারণে তাঁকে শাখা সেক্রেটারির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান তিনি।
এদিকে, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে যাতে কোনো ধরনের স্থবিরতা তৈরি না হয়, সে জন্য প্রফেসর চাঁদ মিয়াকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শফিকুল ইসলাম শামীম জানান, বিষয়টি জানার পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।










