ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে যৌথ মোবাইল কোর্টের অভিযানে ৫ মেট্রিক টন সারবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় কৃষি বিপণন আইন লঙ্ঘনের দায়ে মো. জনি খান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) করিমগঞ্জ উপজেলার কিরাটন মাদ্রাসা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা ও উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব চন্দ্র ধর যৌথভাবে অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে আনুমানিক দুপুর ৩টার দিকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৫ মেট্রিক টন সার পাওয়া যায়।
এ ঘটনায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(৬) ধারায় অপরাধের দায়ে মো. জনি খানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি মহিবুর রহমান খানের ছেলে।
কৃষি উপকরণের সুষ্ঠু বিপণন নিশ্চিত করা এবং আইনবহির্ভূত কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।










