রাহুল রহমান : শরীয়তপুরে প্রতিনিধি

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা না হওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপিকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন স্বৈরাচার ও চাঁদাবাজেরা এক হয়ে দেশ ধ্বংসের পরিকল্পনা করছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

citytouch 728-X-90

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, “ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না।”

তিনি আরও অভিযোগ করেন, অতীতে যারা অর্থ পাচার করেছেন, তাঁদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছেন। দেশে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হলে রাজনৈতিক দলগুলোর ভেতরে জবাবদিহি নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

দ্রব্যমূল্য ও সিন্ডিকেট নিয়ে উদ্বেগ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গ্যাসসহ প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট গড়ে ওঠায় দ্রব্যমূল্য বেড়েছে, যার চাপ বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে।

তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। তা না হলে তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে।

নিয়োগ ও ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ সারজিসের

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনের পর বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করায় তাঁরা আশা করেছিলেন, দলটি দেশের সব মানুষের স্বার্থে কাজ করবে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ ও সারের ডিলার নিয়োগের প্রক্রিয়ায় দলীয় প্রভাব দেখা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সারজিস আলমের দাবি, সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে ব্যবসায়িক অভিজ্ঞতা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক পরিচয় এবং জনপ্রতিনিধিদের আত্মীয়স্বজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিএনপি বৃহত্তর জনগোষ্ঠীর সরকার হয়ে ওঠার পরিবর্তে দলীয় স্বার্থের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দুর্নীতি ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

সভায় বক্তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা, রাজনৈতিক দলগুলোর জবাবদিহি এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্য সচিব ঋজু মোর্শেদ এবং দলের কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেনসহ জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীয়তপুর জেলা এনসিপির সদস্য সচিব সবুজ তালুকদার। এ ছাড়া জেলা যুবশক্তি, ছাত্রশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতারাও সভায় উপস্থিত ছিলেন।