কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছাত্রদলের এক নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামের একটি আশ্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন থানেশ্বর ডোমহাটি এলাকার নূরুল হক ভূঁইয়ার ছেলে ও বাদলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রামিম হাসান ওরফে মানার ভূঁইয়া (২২), একই এলাকার ছাতু ভূঁইয়ার ছেলে মনির ভূঁইয়া (২০) ও মৃত মুঞ্জু ভূঁইয়ার ছেলে সারোয়ার (২৭), থানেশ্বর নয়াবাড়ী এলাকার রেজওয়ান ভূঁইয়ার ছেলে সাব্বির (২০), বর্শিকুড়া দরগাপাড়া এলাকার আ. রাজ্জাক মোল্লার ছেলে এশারুল মোল্লা (৩৮) এবং দক্ষিণ বর্শিকুড়া আওগাহাটি এলাকার কডু মিয়ার ছেলে আরিফ (২৬)। তাঁদের সবার বাড়ি ইটনা উপজেলায়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার ভোরে থানেশ্বর স্কুল অ্যান্ড কলেজের পাশে বন্যার্তদের জন্য নির্মিত একটি আশ্রয়কেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান জানান, থানেশ্বর গ্রামে অভিযান চালিয়ে ২৪৫ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ইটনা থানায় মামলা করা হয়েছে।
এদিকে, আটক রামিম হাসান ওরফে মানার ভূঁইয়ার বিষয়ে বাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান রনি বলেন, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মানার ভূঁইয়া সংগঠনের আদর্শ ও কার্যক্রমের বাইরে চলে গেছেন। বিষয়টি উপজেলা পর্যায়ের নেতাদের জানানো হয়েছে। তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন জানান, সদস্যসচিবের সঙ্গে আলোচনা করে মানার ভূঁইয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।









