গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। আরও তিনটি ইউনিট পথে রয়েছে। সড়কে শ্রমিকদের বিক্ষোভের কারণে সেগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে।

citytouch 728-X-90

এর আগে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বিবেচনায় পর্যায়ক্রমে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা।

এদিকে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।