সামাজিক মাধ্যমে চাচার সঙ্গে তৈরি করা হাসিখুশি ভিডিও দিয়ে অল্প সময়েই পরিচিতি পেয়েছিল ছোট্ট দ্বীপ শীল। মাত্র তিন বছর বয়সেই তার নিষ্পাপ হাসি ও শিশুসুলভ অভিব্যক্তি মন জয় করেছিল অনেকের। কিন্তু সেই শিশুর আকস্মিক মৃত্যুতে এখন শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে দ্বীপের মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ৩ বছর ৩ মাস।
দ্বীপ ওই গ্রামের বিজয় শীলের ছেলে। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
দ্বীপের চাচা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের সৃজনশীল ভিডিও তৈরি করেন। কয়েক মাস ধরে এসব ভিডিওতে চাচার সঙ্গে অংশ নিচ্ছিল ছোট্ট দ্বীপ। তার নিষ্পাপ হাসি ও মিষ্টি অভিব্যক্তি অল্প সময়েই অনেকের কাছে তাকে পরিচিত করে তোলে।
যে শিশুর হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করতে থাকেন অনেকে। দ্বীপের চাচা বিপ্লব শীলও নিজের সামাজিক মাধ্যমের পেজে শিশুটির মৃত্যুর খবর জানান। এরপর অসংখ্য মানুষ দ্বীপের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতি তুলে ধরে তার প্রতি ভালোবাসা ও শোক প্রকাশ করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, পানিতে ডুবে তিন বছর বয়সি দ্বীপ শীলের মৃত্যু হয়েছে। পরে পারিবারিকভাবে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
দ্বীপের অকাল মৃত্যুতে শোকাহত তার পরিবার ও স্বজনেরা। যে বয়সে হাসি, খেলাধুলা আর দুরন্তপনায় মুখর থাকার কথা ছিল তার শৈশব, সেই বয়সেই থেমে গেল তার জীবন। সামাজিক মাধ্যমে তার রেখে যাওয়া ভিডিও ও স্মৃতিগুলো এখন প্রিয়জনদের কাছে হয়ে থাকবে গভীর আবেগের স্মারক।










