ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্যান্য সাধারণ নির্বাচনি এলাকার তুলনায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, সেনাবাহিনী ছাড়াই ঠাকুরগাঁও-১ আসনে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য সাধারণ নির্বাচনি এলাকার তুলনায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

citytouch 728-X-90

তিনি আরও বলেন, নির্বাচনের আগে কিংবা ভোটের দিন কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।