তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধের হুঁশিয়ারির প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে সড়ক অবরোধ করেছেন চালকেরা। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নিয়ে তাঁরা মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়কে যান চলাচলে বাধা দেন। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধকারী চালকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাঁদের অটোরিকশা ডাম্পিং করা হচ্ছে। গাড়ি ছাড়ানোর কাগজ হাতে নিয়েও নির্ধারিত সময়ে গাড়ি ফেরত পাচ্ছেন না তাঁরা। বারবার সংশ্লিষ্ট দপ্তরে ঘুরেও গাড়ি না পাওয়ায় জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বলে জানান চালকেরা।
এক চালক বলেন, গাড়ি আটকে রাখায় তাঁদের আয় বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই ঋণ নিয়ে অটোরিকশা কিনেছেন। কিন্তু গাড়ি চালাতে না পারায় ঋণের কিস্তি পরিশোধের পাশাপাশি পরিবার চালানোও কঠিন হয়ে পড়েছে।
আরেক চালক বলেন, পুরো ঢাকা শহরে চলাচলের দাবি তাঁদের নয়। নির্ধারিত সড়কে অটোরিকশা চালানোর সুযোগ চান তাঁরা। তাঁর অভিযোগ, মিরপুর রোডে না উঠলেও এখন ধানমন্ডির সড়কে চলাচল করতে গেলেও গাড়ি ডাম্পিং করা হচ্ছে।
চালকদের দাবি, গাড়ি ডাম্পিং বন্ধ, আটক করা অটোরিকশা ফেরত দেওয়া এবং নির্দিষ্ট সড়কে চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে। এসব দাবিতে তাঁরা সড়কে নেমেছেন বলে জানান।










