রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৩২টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অবিস্ফোরিত ককটেল ও বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫৫ জন, তেজগাঁও বিভাগে ৬০ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।

citytouch 728-X-90

অভিযান চলাকালে পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল, একটি অবিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৯০ গ্রাম গাঁজা, ৫ হাজার ৯৩১ পিস ইয়াবা ও ১৪৪ বোতল দেশি মদ উদ্ধার করে। এ ছাড়া একটি কাভার্ড ভ্যান, দুটি লাইটার, দুটি কাঁচি, ছয়টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাপাতি, একটি সিএনজি, একটি ট্রাভেল ব্যাগ এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট মামলার তদন্তে কাজে লাগানো হবে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।