রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখানোর চেষ্টা করার অভিযোগে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, শিল্পকলার সামনে থেকে আয়াস নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

citytouch 728-X-90

এর আগে, গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

পরবর্তী সময়ে পথচারীদের চলাচলের জন্য ফুটপাতটি উন্মুক্ত করে দেওয়া হয়। পাশাপাশি সেখানে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।