জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার বাড়িতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে দাবি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে দেওয়া ওই পোস্টে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর কোনো ঘটনা ঘটেনি। বাস্তবে এমন কোনো ঘটনা না ঘটলেও কেন একটি অগ্নিকাণ্ডের ভিডিও তার বাড়ির ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

পোস্টে আরও দাবি করা হয়, এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে তার ওপর হামলার পরিবেশ সৃষ্টি এবং হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পাঁচবার হামলার ঘটনা ঘটেছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

citytouch 728-X-90


এসব হামলার ঘটনায় দৃশ্যমান বিচারিক উদ্যোগ নেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে। বরং নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা কেন ‘জায়েজ’, সে ধরনের বক্তব্য সরকারদলীয় দায়িত্বশীলদের কাছ থেকেও এসেছে বলে পোস্টে অভিযোগ করা হয়।

এ অবস্থায় নতুন করে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ভিডিওটি আগের ঘটনাগুলোর ধারাবাহিকতার অংশ কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে ভিডিওটি রাজনৈতিক প্রতিহিংসা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের কোনো পরিকল্পিত প্রচেষ্টার অংশ কি না, সেটিও তদন্তের দাবি রাখে বলে উল্লেখ করা হয়।

পোস্টে আরও বলা হয়, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর অবস্থানকে প্রতিহত করতেই তার বিরুদ্ধে বারবার উদ্দেশ্যপ্রণোদিত ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তার কণ্ঠকে স্তব্ধ করতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও স্বার্থান্বেষী মহলের কোনো সম্মিলিত প্রচেষ্টা চলছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা উচিত বলে দাবি করা হয়।


এ অবস্থায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ছড়ানো মিথ্যা ন্যারেটিভ, তার ওপর সংঘটিত হামলার ঘটনা এবং সর্বশেষ বাস্তবে না ঘটা একটি অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়গুলো সুষ্ঠুভাবে তদন্তের দাবি জানানো হয়েছে।

সত্য উদঘাটন করে ভিডিওটি কারা তৈরি বা প্রচার করেছে এবং এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না, তা বের করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের—এমনটাই উল্লেখ করা হয়েছে পোস্টে।