নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সচিবালয়ে দাপ্তরিক কাজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন। এরপর একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে অংশ নেন তিনি।
এর আগে দিনের শুরুতে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে সকাল সাড়ে ৮টায় বাসা থেকে বের হন প্রধানমন্ত্রী।
সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপের পথে রওনা হন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সেখানে অবতরণ করে।
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানকে পাশে নিয়ে আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল বা সাঁজোয়া যান চালিয়ে যৌথ বাহিনীর চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
মহড়া শেষে ঢাকায় ফিরে সচিবালয়ে
স্বর্ণদ্বীপে সামরিক মহড়া পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মসূচি শেষ করে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।
ঢাকায় ফিরে বিশ্রামে না গিয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন তিনি। সন্ধ্যার পরও সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কাজে সময় দেন প্রধানমন্ত্রী।








