বাসায় বিপুল পরিমাণ টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের সূত্র ধরে কাস্টমস কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি ও তার ভাই এনামুল হকের সম্পদের উৎস নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর দুই ভাই-বোন ও তাদের স্বজনদের নামে জমি, প্লট, ফ্ল্যাটসহ বিপুল সম্পদ গড়ে উঠেছে। এসব সম্পদের উৎস নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়লেও তদন্তের নামে তা ধামাচাপা দেওয়ার অভিযোগও উঠেছে। সম্পদের উৎস আড়াল করতে বাবার নামে মাছের খামার থেকে আয়ের দাবি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ঘটনাটি প্রায় ২০১৫ সালের। ওই সময় কাস্টমস কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি ও তার স্বামী, তৎকালীন জেলা নির্বাচন কর্মকর্তা আসলাম রহমানের বাসায় কাজ করতেন এক কিশোরী গৃহকর্মী। তার বর্ণনা অনুযায়ী, একদিন ঘর পরিষ্কার করার সময় খাটের নিচে রাখা একটি কার্টন পড়ে যায়। কার্টনের ভেতরে টাকার বান্ডিল দেখে ভয় পেয়ে যান তিনি। পরে বিষয়টি গৃহকর্তাকে জানান। ওই বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো বলেও দাবি করেছেন সাবেক ওই গৃহকর্মী।

তার আরও দাবি, একপর্যায়ে স্বামীকে বশে আনতে পানি পড়া খাওয়ানোর চেষ্টা করেছিলেন স্ত্রী। এসব ঘটনার বর্ণনা সামনে আসার পর কাস্টমস ক্যাডারের কর্মকর্তা এনামুল হক ও তার বোন জিলাইকা তামান্না লিপির সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ওঠে। পরে এ বিষয়ে দুদকে অভিযোগ জমা পড়ে।

অভিযোগ অনুযায়ী, চাকরিতে যোগ দেওয়ার পর দুই ভাই-বোন এবং তাদের স্বজনদের নামে একের পর এক জমি, প্লট ও ফ্ল্যাট কেনা হয়েছে। এসব সম্পদের অর্থের উৎস এবং ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য নিয়ে অনুসন্ধানের দাবি উঠেছে। অভিযোগকারীর বাড়ি বরগুনায়। সম্পদের উৎস আড়াল করতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবার নামে মাছের খামার থেকে বিপুল আয়ের দাবি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

নথি অনুযায়ী, এনামুল হক ২৯তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১১ সালে চাকরিতে যোগ দেন। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত। তার বোন জিলাইকা তামান্না লিপি ৩১তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৩ সালে চাকরিতে যোগ দেন। বর্তমানে আগারগাঁওয়ে এনবিআর ভবনের মূসক বিচার ও আপিল বিভাগে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ ও সংশ্লিষ্ট নথিতে পূর্বাচল, ঝিলমিল, বরগুনা, লালমাটিয়া, পশ্চিম আগারগাঁও এবং মিরপুরে তাদের পরিবারের সম্পত্তি থাকার তথ্য উল্লেখ করা হয়েছে। এসব সম্পত্তির বেশ কয়েকটি চাকরিতে যোগ দেওয়ার পর কেনা হয়েছে বলে দাবি করা হয়েছে।

নথি অনুযায়ী, ২০১১-১২ সালের আগে পরিবারটির কৃষিজমি ছাড়া অন্য জমি ছিল না। তবে ২০১৪ ও ২০১৫ সালে পরিবারের সদস্যদের নামে একাধিক জমি কেনা হয়। ২০১৫ সালে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে জিলাইকা তামান্না লিপি ও তার ছোট বোন জিনাত জাহান তানজিলার নামে একটি প্লটের দলিল করা হয়। দলিল নম্বর ৭৫৬৫/২০১৫। প্লটটি ১১ নম্বর সেক্টরের ৪০৯/এ/সি সড়কের ২ নম্বর প্লটে অবস্থিত। অভিযোগে বলা হয়েছে, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল প্রায় ৩ কোটি টাকা। তবে দলিলে মূল্য দেখানো হয় ২৫ লাখ টাকা। বর্তমানে এর বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।

২০২২ সালে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের ৮ নম্বর প্লট কেনেন জিলাইকা তামান্না লিপি। দলিল নম্বর ১২৩০৯/২০২২। অভিযোগ অনুযায়ী, প্লটটির ক্রয়মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয়েছে ২১ লাখ টাকা।

জমি কেনার ক্ষেত্রে বড় ভাই এনামুল হকের নামও রয়েছে। অভিযোগ অনুযায়ী, বরগুনা শহরে তার নামে ২৬ শতাংশ জমি রয়েছে। এ জমির দলিলমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। তবে বর্তমানে এর বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল নম্বর ৩৭৫৬/২০১৫।

একই বছর পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে এনামুল হক ও তার স্ত্রী নাহিদা পারভীনের নামে ৭ কাঠা ৮ ছটাক জমি কেনা হয়। দলিল নম্বর ১০৮২৮/২০১৫। অভিযোগে বলা হয়েছে, জমিটির প্রকৃত ক্রয়মূল্য ছিল আড়াই কোটি টাকা। তবে দলিলে মূল্য দেখানো হয়েছে ৫০ লাখ টাকা।

এ ছাড়া ২০১৪ সালে এনামুল হকের মা খাদিজা বেগমের নামে বরগুনা পৌর এলাকায় টিনশেড বাড়িসহ ১৪ দশমিক ৩১ শতাংশ জমি কেনা হয়। অভিযোগকারীর দাবি, এ সম্পত্তি কেনার অর্থের জোগান দেন তার দুই সন্তান এনামুল হক ও জিলাইকা তামান্না লিপি। বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসে ২৯১৭/২০১৪ ও ৩০৫৭/২০১৪ নম্বর দলিলে জমি দুটি নিবন্ধন করা হয়। নথি অনুযায়ী, দলিলে মোট মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ ৭ হাজার টাকা। তবে ওই সময় জমিটির জন্য ৩ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল বলে অভিযোগে দাবি করা হয়েছে। বর্তমানে এর মূল্য প্রায় ৫ কোটি টাকা।

পরিবারের অন্য সদস্যদের নামেও বিভিন্ন স্থানে সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। বরগুনার পাশাপাশি ঢাকার লালমাটিয়ার এনএইচ টাওয়ার, পশ্চিম আগারগাঁও ও মিরপুর ডিওএইচএস এলাকায় সম্পত্তি থাকার তথ্য অভিযোগে উল্লেখ করা হয়েছে।

২০২০ সালে জিলাইকা তামান্না লিপির বড় ছেলের জন্মনিবন্ধনে স্থায়ী ঠিকানা হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটের ঠিকানা উল্লেখ করা হয়। ঠিকানাটি হলো ফ্ল্যাট নম্বর ৪/এ, প্লট ১৫১, রোড ৮, ব্লক-ডি। তবে ওই ফ্ল্যাটের মালিকানা যাচাই করা সম্ভব হয়নি।

দুই ভাই-বোনের সম্পদের উৎস নিয়ে দুদকে অভিযোগ জমা পড়ার পর তাদের বাবা আবদুস সোবহানের নামে মাছের খামার থেকে আয়ের বিষয়টি সামনে আসে। এনামুল হক দুদকের কর্মকর্তাদের কাছে দাবি করেন, তার বাবার প্রায় ১২ একর জমিতে মাছের খামার রয়েছে এবং সেখান থেকে প্রতিবছর উল্লেখযোগ্য আয় হয়।

এ তথ্য যাচাই করতে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে খামারের নিবন্ধন, জমির খতিয়ান ও দাগ নম্বর, মালিকানার নথি, লিজের চুক্তিপত্র, উৎপাদন, ব্যয় ও আয়ের হিসাবসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে প্রতিবেদন দিতে বলা হয়।

তবে অভিযোগ অনুযায়ী, প্রয়োজনীয় নথি যাচাই না করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে প্রতিবেদন পাঠান মৎস্য কর্মকর্তা। সেখানে এনামুলের বাবাকে মৎস্যচাষি হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে খামারের জমির পরিমাণ ১৪ একর বলা হয়। অথচ এনামুলের দাবি ছিল, তার বাবার খামার ১২ একর জমির ওপর। এ নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও মৎস্য কর্মকর্তা মো. মহসীন মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে সরেজমিন অনুসন্ধানে ওই এলাকায় মাছের খামারের অস্তিত্ব পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানীয় কয়েকজনের বক্তব্য অনুযায়ী, সেখানে কিছু ফলের গাছ রয়েছে।

এদিকে জিলাইকা তামান্না লিপির স্বামী আসলাম রহমান নির্বাচন কমিশনের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। স্ত্রীর করা যৌতুকের মামলায় তিনি সাড়ে ১৪ মাস কারাগারে ছিলেন। মামলাটি এখনো বিচারাধীন।

আসলাম রহমানের দাবি, স্ত্রীর করা মামলার কারণে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি কখনো ঘুষ নেননি বলেও দাবি করেন। তার ভাষ্য, স্ত্রী কাস্টমস ক্যাডারে যোগ দেওয়ার পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। বড় ভাই এনামুল হকের ইশারায় তার বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর খোরাকি ভাতা দিয়ে কোনোমতে জীবনযাপন করছেন। দুই সন্তানের সঙ্গেও দেখা করতে পারছেন না। আসলামের ভাষ্য অনুযায়ী, ২০১১ সালে নবাবগঞ্জে থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার সময় জিলাইকা তামান্না লিপিকে বিয়ে করেন তিনি। তখন লিপি ইডেন কলেজে পড়তেন। পড়াশোনার সুবিধার জন্য পুরান ঢাকার দিকে বাসা নেওয়া হয়। ওই বাসায় এনামুল হকও থাকতেন বলে দাবি করেন আসলাম।

অন্যদিকে সম্পদের বিষয়ে জানতে চাইলে এনামুল হক বলেন, তার নামে থাকা সব সম্পদের তথ্য আয়কর নথিতে রয়েছে। বাবাকে মৎস্যচাষি সাজিয়ে সম্পদের উৎস বৈধ দেখানোর অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জিলাইকা তামান্না লিপির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। পরে অভিযোগের সারসংক্ষেপ জানিয়ে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।

উল্লেখ্য, সম্পদের উৎস নিয়ে ওঠা অভিযোগ এবং সংশ্লিষ্ট নথির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।