দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ফ্যাসিবাদী শক্তির হাতে সরকার ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও আলোচনায় এসেছে। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিষয়েও কথা হয়েছে।

তিনি বলেন, সরকার ঐক্যের আহ্বান জানিয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করা জরুরি। আধিপত্যবাদ মোকাবিলায় জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রয়োজন রয়েছে। এটি কোনো দলীয় লড়াই নয়; দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে জনগণের ঐক্য প্রয়োজন।

নাহিদ ইসলাম আরও বলেন, সংবিধান সংশোধনে সংসদীয় কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এনসিপির এসব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

ভারতের ভূখণ্ড ব্যবহার করে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ করে দিচ্ছে। বিষয়টি আওয়ামী লীগ বনাম বিএনপি-এনসিপির লড়াই নয়, বরং বাংলাদেশের ভূখণ্ড ও সার্বভৌমত্বের প্রশ্ন। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই চলছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, সীমান্ত এলাকায় বিজেপির সমাবেশে আওয়ামী লীগের নেতারাও যুক্ত হয়েছেন। বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সঙ্গে ভারত জড়িত বলে দাবি করেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগও তোলেন।

বৈঠকে গঙ্গা চুক্তির ক্ষেত্রে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে আপস না করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়েছে বলে জানান নাহিদ।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম ও গঙ্গা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

বৈঠকে নাহিদ ইসলাম ও আখতার হোসেন ছাড়াও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসেন উপস্থিত ছিলেন।