হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে। তবে উদ্বোধনের পরপরই পুরোপুরি চালু হচ্ছে না টার্মিনালটি। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এর আংশিক কার্যক্রম শুরু হবে। পূর্ণাঙ্গভাবে চালু করতে আরও ১৪ মাস সময় লাগবে। উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে ৩০ নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হবে। এরপর ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে আরও ১৪ মাস সময় লাগবে।

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে।

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) ২১ হাজার ১৩৯ কোটি টাকা অর্থায়নে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরীক্ষামূলকভাবে টার্মিনালটি ব্যবহার করেছিল। তবে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে সমঝোতা না হওয়ায় তখন বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

সুমিতোমো করপোরেশনের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন, সোজিতজ করপোরেশনসহ জাপানের সরকারি সংস্থা। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের আওতায় কনসোর্টিয়ামটির তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার কথা ছিল।

তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দুই বছরের জন্য নতুন টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়া হয়। এ সিদ্ধান্তে কনসোর্টিয়ামের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল।

২০২৩ সালের অক্টোবরে সফট ওপেনিংয়ের মাধ্যমে তৃতীয় টার্মিনালের উদ্বোধন করা হয়। এটি চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বছরে ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে। পাশাপাশি কার্গো পরিচালনার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

প্রায় ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত টার্মিনালটির ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। এতে রয়েছে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক।